collected
দিনের শুরুতেই ভ্যাপসা গরমে অস্বস্তিতে পড়েছেন দেশের মানুষ। সকাল থেকেই রোদের তেজ অনুভূত হচ্ছে বেশি। রাজধানীর আকাশের বড় অংশ মেঘে ঢাকা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থাগুলো।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ফলে তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতার কারণে গরমের অনুভূতি আরও বেড়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ বলেন, বর্ষা মৌসুম প্রায় শেষের দিকে। এ কারণে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ৪৮ মিলিমিটার। এছাড়া রংপুরে ৪৩, নারায়ণগঞ্জে ১৮, ঢাকায় ১৪, বাঘাবাড়ীতে ১৩ এবং শ্রীমঙ্গলে ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল তুলনামূলকভাবে কম। এ সময়ে মোংলায় ২ মিলিমিটার এবং যশোরে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী ও রামগতিতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।