ব্রেকিং

হজ নিবন্ধনের অর্থ জমা দিতে শুক্র-শনিবারও খোলা থাকবে নির্ধারিত ব্যাংক

Sharmin Sultana Sharmin Sultana ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৯ PM BST ৭৭ বার পঠিত
হজ নিবন্ধনের অর্থ জমা দিতে শুক্র-শনিবারও খোলা থাকবে নির্ধারিত ব্যাংক

collected

২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর, শুক্র ও শনিবার, সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ-সংক্রান্ত সার্কুলার পাঠানো হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সার্কুলারে জানানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার নির্ধারিত ব্যাংকিং লেনদেনের সময়সীমা শেষ হওয়ার পরও যদি কোনো হজ নিবন্ধনের অর্থ জমাদানকারী বা তাঁর প্রতিনিধি ব্যাংকে উপস্থিত থাকেন, তাহলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তাঁদের অর্থ জমা নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হজ নিবন্ধনের নির্ধারিত সময়ের মধ্যে ইচ্ছুক মুসল্লি বা তাঁদের প্রতিনিধিরা যাতে অর্থ জমা দিতে গিয়ে কোনো সমস্যায় না পড়েন, সে জন্যই ছুটির দিনেও ব্যাংকিং কার্যক্রম সচল রাখার এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.

হজযাত্রীরা যাতে নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘ্নে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: