collected
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী-শিশুসহ পাঁচজন তলিয়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ এক তরুণসহ দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রায় ১৯ ঘণ্টা পর শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুজন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারী-শিশুসহ ছয় স্বজন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তাদের মধ্যে পাঁচজন স্রোতের তোড়ে তলিয়ে যেতে থাকেন। বিষয়টি দেখে তাদের উদ্ধারে নদীতে ঝাঁপ দেন স্থানীয় এক তরুণ।
তিনি দুজনকে টেনে নদীর পাড়ে তুলতে সক্ষম হলেও তৃতীয় একজনকে উদ্ধার করতে গিয়ে নিজেই স্রোতের মধ্যে তলিয়ে যান। এরপর চারজন নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।
শনিবার ভোর থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। সকাল ১০টার দিকে প্রায় ১৯ ঘণ্টা পর দুইজনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে উদ্ধারে ঝাঁপ দেওয়া ওই তরুণও রয়েছেন।
বেলা ১টা পর্যন্ত নিখোঁজ আরও দুইজনের সন্ধানে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছিল।