নটর ডেম কলেজে একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, আজ মৌখিক

Sharmin Sultana Sharmin Sultana ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ AM BST ৩৭ বার পঠিত
নটর ডেম কলেজে একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, আজ মৌখিক

collected

নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় কলেজের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশ নেবে।

কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তিচ্ছুদের এসএসসি পরীক্ষার জিপিএ এবং ভর্তি পরীক্ষার লিখিত ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া সময়সূচি অনুযায়ী নির্ধারিত কক্ষে উপস্থিত হতে হবে। পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কলেজ গেটে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে। এগুলো হলো—

১. ভর্তি আবেদনের প্রবেশপত্র;

২. এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড;

৩. এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র;

৪. এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি এবং সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে)।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এসএসসিতে প্রাপ্ত জিপিএ, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে শিক্ষার্থীদের ভর্তির জন্য মনোনীত করা হবে। চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে কলেজের ওয়েবসাইটে প্রকাশ করার কথা রয়েছে।

নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১০ সেপ্টেম্বর প্রথম দিনে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ১১ সেপ্টেম্বর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: