collected
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হয়েছে বুধবার (৯ সেপ্টেম্বর)। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বিদায়ী বার্তা দিয়েছেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
শিক্ষার্থীদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করার বিষয়ে শিক্ষার্থীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ডাকসু ভিপি।
২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পায়।
চিঠিতে যা লিখেছেন সাদিক কায়েম
শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া চিঠির শুরুতে সাদিক কায়েম লেখেন, ‘প্রিয় শিক্ষার্থীবন্ধু, আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় অনুষ্ঠিত নিয়মতান্ত্রিক ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হলো আজ।’
গত এক বছরে নানা অসহযোগিতা ও সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের সমর্থন ও সহযোগিতায় প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কথা উল্লেখ করেন তিনি।
চিঠিতে ডাকসুর এক বছরের বিভিন্ন কার্যক্রম ও পরিবর্তনের কথা তুলে ধরে সাদিক কায়েম বলেন, পরিবহণ, উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধকরণ, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং আবাসিক হলগুলোতে পড়াশোনার পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে।
শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক, শিক্ষার্থীবান্ধব ও শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ার অগ্রযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী একজন গর্বিত অংশীদার।
চিঠির শেষাংশে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সাদিক কায়েম বলেন, ডাকসুর এক বছরের পথচলায় পাশে থাকার জন্য শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। একই সঙ্গে নিয়মিত ডাকসু নির্বাচন এবং ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতা বজায় থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।