ছবি: সংগৃহীত
দেশে হামের পরিস্থিতি অব্যাহতভাবে উদ্বেগ তৈরি করছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের শরীরে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
১৫ মার্চ থেকে আক্রান্ত ও মৃত্যুর হিসাব
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জনে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ২১২ জনের শরীরে।
এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৯ জনসহ ১৫ মার্চ থেকে এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৫ জনে। অন্যদিকে, নিশ্চিত হামে এ সময়ে মৃত্যু হয়েছে ১০১ জনের। ফলে নিশ্চিত ও সন্দেহভাজন—দুই হিসাব মিলিয়ে হামের সঙ্গে সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন করে ১১৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
এদিকে দেশে হামের বিস্তার ঠেকাতে ২৬ সেপ্টেম্বর থেকে বিশেষ মিজেলস-রুবেলা (এমআর) ক্যাচ-আপ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় টিকা না পাওয়া বা আগের কর্মসূচিতে বাদ পড়া ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।