collected
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে প্রতিপক্ষের হামলায় মোনায়েম হোসেন নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোনায়েম হোসেন ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। স্থানীয়ভাবে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি হিসেবেও পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভায়না বাজার স্কুলের পাশে দাঁড়িয়ে ছিলেন মোনায়েম হোসেন। এ সময় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
মোনায়েমের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনার পর ময়নাতদন্ত সম্পন্ন করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।