কদমতলীতে ব্যবসায়ীকে গুলি: মঞ্জুরুলের দুই দিনের রিমান্ড

Sharmin Sultana Sharmin Sultana ৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৪ PM BST ২২ বার পঠিত
কদমতলীতে ব্যবসায়ীকে গুলি: মঞ্জুরুলের দুই দিনের রিমান্ড

Picture : Internet

রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় গ্রেপ্তার মঞ্জুরুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

এর আগে রোববার মঞ্জুরুল ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মণ্ডল তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর পাশাপাশি রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, গত শনিবার রাত সোয়া ৮টার দিকে কদমতলীর দক্ষিণ দনিয়া-শনিরআখড়া এলাকায় একটি ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ী মো. আসলাম খানকে গুলি করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়।

গুলিবিদ্ধ আসলাম খানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁর ওপর হামলার ঘটনায় বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) অশোক কুমার সরকার বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করছে কদমতলী থানা পুলিশ।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: