ব্রেকিং

১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

Sharmin Sultana Sharmin Sultana ৮ সেপ্টেম্বর ২০২৬, ১:০১ PM BST ১৩ বার পঠিত
১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

collected

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চলতি বছরের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনালটি উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী ১৬ ডিসেম্বর এটি আংশিকভাবে হলেও চালু করার পরিকল্পনা রয়েছে। তাঁর দাবি, আগের সরকারের সময়ে টার্মিনালটির শুধু ভবন উদ্বোধন করা হয়েছিল। কিন্তু এটি কার্যকরভাবে চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি বলেন, টার্মিনালে ইন্টারনেট, প্রয়োজনীয় মেশিনপত্র ও অন্যান্য ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। কীভাবে টার্মিনালটি চালু করা হবে, সে বিষয়ে আগের সময়ে যথাযথ পরিকল্পনাও ছিল না বলে মন্তব্য করেন তিনি।

রেভিনিউ শেয়ারিং প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, শুরুতে টার্মিনালের আয়ের ১৫ শতাংশ বাংলাদেশ এবং ৮৫ শতাংশ জাপানি কোম্পানি পাবে—এমন চুক্তির কথা ছিল। তবে বিভিন্ন পর্যায়ে বৈঠক ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের অংশ ২৭ শতাংশে উন্নীত করা সম্ভব হয়েছে।

মন্ত্রী বলেন, আয় থেকে বাংলাদেশের অংশ ২৭ শতাংশে উন্নীত করা গেলে তৃতীয় টার্মিনাল নির্মাণের ঋণ পরিশোধ করা সম্ভব হবে। টার্মিনালটি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণে নির্মাণ করা হয়েছে।

তিনি আরও জানান, টার্মিনালের ঋণের কিস্তি ইতোমধ্যে পরিশোধ শুরু হয়েছে। বর্তমানে সিভিল এভিয়েশনের অন্যান্য খাত থেকে আয় করে এই ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এরই মধ্যে ১ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে এবং আগামী ডিসেম্বরে আরও ৯০০ কোটি টাকা পরিশোধ করতে হবে।

এ অবস্থায় তৃতীয় টার্মিনাল দ্রুত চালু করা জরুরি উল্লেখ করে মন্ত্রী বলেন, টার্মিনালটি চালু করা না গেলে অন্যান্য খাতের আয় থেকেই ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। তাই আগামী ১৬ ডিসেম্বর অন্তত আংশিকভাবে হলেও তৃতীয় টার্মিনাল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: