collected
বিশেষ প্রতিনিধি ॥ সরকার নির্ধারিত বাসভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল
সড়ক মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এই নির্ধারিত হারের চেয়ে এক পয়সাও অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
তিনি জানান, কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে আইন অনুযায়ী জরিমানা করা হবে। এরপর সংশ্লিষ্ট পরিবহন যাতে আর কোনো রুট পারমিট না পায়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে।
নতুন বাসভাড়া কত
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৭০ পয়সা।
এর আগে সোমবার বিআরটিএর বৈঠকে দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। পরে মঙ্গলবারের বৈঠকে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত আসে।
কেন বাড়ানো হলো ভাড়া
জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাসভাড়া বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, প্রচলিত আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালার হিসাব অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারপ্রতি এক পয়সা বাড়ে।
সে হিসাবে লিটারে ২০ টাকা জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর যৌক্তিকতা ছিল বলে জানান তিনি। তবে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে এর চেয়ে কম, ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
রেল ও নৌপথের ভাড়া নিয়ে বৈঠক বৃহস্পতিবার
রেল ও নৌপথের ভাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ট্রেন ও লঞ্চের ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
রেলভাড়া প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে ট্রেনের ভাড়া যাতে না বাড়ে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।