collected
২০২৭ সালের হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের জন্য ‘অল-ইনক্লুসিভ প্যাকেজ’ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন ব্যবস্থায় বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো একটি মাত্র ডিজিটাল চুক্তির মাধ্যমে হজযাত্রীদের আবাসন, পরিবহন, খাবার এবং পবিত্র স্থানগুলোর প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগের বছরগুলোতে হজ এজেন্সিগুলোকে বিভিন্ন সেবার জন্য পৃথক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলাদা চুক্তি করতে হতো। নতুন ব্যবস্থায় হাজিদের সৌদি আরবে আগমন থেকে শুরু করে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত প্রয়োজনীয় সেবাগুলো একটি একক ইলেকট্রনিক আবেদনের মাধ্যমে ব্যবস্থাপনা করা যাবে।
নতুন প্যাকেজের আওতায় মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসন, অভ্যন্তরীণ পরিবহন ও খাবারের ব্যবস্থা থাকবে। পাশাপাশি মিনা, আরাফাত ও মুজদালিফার মতো পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় মৌলিক সেবাও এর অন্তর্ভুক্ত থাকবে। কোনো হজ এজেন্সি চাইলে অতিরিক্ত বা বিশেষ চাহিদাভিত্তিক সেবাও প্যাকেজে যুক্ত করতে পারবে।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ হিসেবে হজসেবার এই ডিজিটাল আধুনিকায়ন করা হচ্ছে। নতুন ব্যবস্থাটি ‘নুসুক মাসার’ নামে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। সংশ্লিষ্টদের মতে, একক ডিজিটাল চুক্তির ফলে সেবা ব্যবস্থাপনা সহজ হওয়ার পাশাপাশি হজ এজেন্সি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
সৌদি আরবে হজ পালনকারীদের বড় একটি অংশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসেন। গত হজ মৌসুমে মোট হাজির সংখ্যা ১৭ লাখ ৭ হাজারের বেশি ছিল, যার মধ্যে বিদেশি হাজির সংখ্যা ছিল ১৫ লাখ ৪৬ হাজারের বেশি। হজ ও ওমরাহযাত্রীদের সেবার মান উন্নয়ন এবং ২০৩০ সালের মধ্যে ওমরাহ পালনকারীর সংখ্যা ৩ কোটিতে উন্নীত করার লক্ষ্যকে সামনে রেখে সৌদি আরব বিভিন্ন ডিজিটাল ও সেবামূলক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।