ব্রেকিং

হজের কোটা পূরণ নিয়ে অনিশ্চয়তা, নিবন্ধন করেছেন মাত্র ৩৯ হাজার ১২৬ জন

Sharmin Sultana Sharmin Sultana ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৬ PM BST ৫০ বার পঠিত
হজের কোটা পূরণ নিয়ে অনিশ্চয়তা, নিবন্ধন করেছেন মাত্র ৩৯ হাজার ১২৬ জন

collected

আগামী ২০২৭ সালের পবিত্র হজে বাংলাদেশের জন্য নির্ধারিত হজযাত্রীর কোটা পূরণ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিবন্ধনের সময়সীমা বৃহস্পতিবার শেষ হওয়ার কথা থাকলেও মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৩৯ হাজার ১২৬ জন নিবন্ধন করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজের জন্য বাংলাদেশকে ৭৮ হাজার ৫০০ হজযাত্রীর কোটা দেওয়া হয়েছে। এর বিপরীতে সরকারি ব্যবস্থাপনায় ২১৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮ হাজার ৯০৮ জন নিবন্ধন করেছেন। অর্থাৎ এখনো নিবন্ধন বাকি রয়েছে ৩৯ হাজার ৩৭৪ জনের।

লিড এজেন্সিগুলোতেও কম নিবন্ধন

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী সংগ্রহের জন্য ২৮টি লিড এজেন্সির সর্বনিম্ন কোটা ২ হাজার করে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৬৭৩টি সমন্বয়কারী এজেন্সির সর্বনিম্ন কোটা নির্ধারণ করা হয়েছে ৪৫ জন।

তবে অনেক এজেন্সি নির্ধারিতসংখ্যক হজযাত্রী নিবন্ধন করতে পারেনি। সোহেল অ্যান্ড ব্রাদার্স নামে একটি লিড এজেন্সি মঙ্গলবার পর্যন্ত নিজস্ব ব্যবস্থাপনায় মাত্র একজন হজযাত্রী নিবন্ধন করেছে। তবে সমন্বয়কারী এজেন্সির মাধ্যমে তাদের আওতায় নিবন্ধন হয়েছে ১ হাজার ৭৩ জন।

এজেন্সিটির স্বত্বাধিকারী মোহাম্মদ আবু জাফর আশা প্রকাশ করেছেন, শেষ দিন পর্যন্ত ২ হাজার হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হবে।

প্রাথমিক নিবন্ধনে লাগবে ৩ লাখ ৮০ হাজার টাকা

হজযাত্রীদের প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক্-নিবন্ধন করতে হচ্ছে। এরপর ৩ লাখ ৫০ হাজার টাকা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার কথা রয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম জানিয়েছেন, নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে সৌদি সরকারের অনুমতি পাওয়ার সম্ভাবনা নেই। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ হতে পারে।

তিনি জানান, বাংলাদেশের মোট হজযাত্রীর কোটা ছিল ১ লাখ ২৭ হাজার। তবে হজযাত্রী কম পাওয়ায় এবার ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে। হজের তুলনায় ওমরাহ পালনে মানুষের আগ্রহ বাড়াকে নিবন্ধন কম হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা

২০২৭ সালের হজের ফ্লাইট ৮ এপ্রিল শুরু হওয়ার কথা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: