collected
ইসলামের ইতিহাসে সাহাবিদের আত্মত্যাগ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সাহাবিদের প্রতি ভালোবাসার অসংখ্য ঘটনা রয়েছে। এর মধ্যে জুলাইবিব (রা.)-এর শাহাদাতের ঘটনাটি বিশেষভাবে হৃদয়স্পর্শী।
ইসহাক ইবনু আমর ইবনু সালিত (রহ.) আবু বারজাহ (রা.)-এর বরাতে বর্ণনা করেন, একবার মহানবী (সা.) কোনো এক জিহাদে ছিলেন। আল্লাহ তাঁকে গনিমতের সম্পদ দান করার পর তিনি সাহাবিদের জিজ্ঞেস করলেন, ‘তোমরা কি কাউকে হারিয়েছ?’
সাহাবিরা কয়েকজনের নাম উল্লেখ করে জানালেন, তারা তাদের দেখতে পাচ্ছেন না। মহানবী (সা.) আবার জিজ্ঞেস করলেন, ‘তোমরা কি কাউকে হারিয়েছ?’ সাহাবিরা বললেন, ‘জি না।’
তখন মহানবী (সা.) বললেন, ‘কিন্তু আমি জুলাইবিবকে হারিয়েছি। তোমরা তাঁকে খোঁজ করো।’
এরপর নিহতদের মধ্যে জুলাইবিব (রা.)-কে খোঁজা শুরু করা হয়। একপর্যায়ে তাঁকে সাতটি লাশের পাশে পাওয়া যায়। বর্ণনায় এসেছে, তিনি ওই সাতজনকে হত্যা করেছিলেন এবং পরে শত্রুরা তাঁকে হত্যা করে।
মহানবী (সা.) জুলাইবিব (রা.)-এর কাছে এসে দাঁড়িয়ে বললেন, তিনি সাতজনকে হত্যা করেছেন, এরপর শত্রুরা তাঁকে হত্যা করেছে। এরপর তিনি বলেন, ‘সে আমার, আমিও তার।’
এরপর মহানবী (সা.) নিজ হাতে জুলাইবিব (রা.)-কে তাঁর দুই বাহুর ওপর তুলে নেন এবং তাঁকে বহন করেন। তাঁর জন্য কবর খোঁড়া হলে মহানবী (সা.) নিজেই তাঁকে কবরে রাখেন।
বর্ণনাকারী তাঁর গোসলের বিষয়টি উল্লেখ করেননি।
এই ঘটনা সাহাবিদের প্রতি মহানবী (সা.)-এর গভীর ভালোবাসা ও মর্যাদার একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বর্ণিত হয়েছে।
সূত্র: সহিহ মুসলিম, হাদিস : ৬১৩৪।