collected
চব্বিশের গণ-অভ্যুত্থান এবং আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে গুম, আটক, নির্যাতন ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বেঞ্চে ২২টি মামলার বিচার চলছে। এসব মামলায় মোট আসামি ২৭৫ জন। তাঁদের মধ্যে ২০৪ জন পলাতক এবং ৭১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় সূত্রে জানা গেছে, বিচারাধীন ২২টি মামলার মধ্যে একটি মামলার রায় যেকোনো সময় ঘোষণা হতে পারে। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ওই মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজন আসামি রয়েছেন। চার আসামিই পলাতক।
গত ১০ জুন প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। মামলায় হানিফ ছাড়াও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আসামি হিসেবে রয়েছেন।
এদিকে, আওয়ামী লীগের শাসনামল ও চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরও ৪৪টি মামলার তদন্ত চলছে। এসব মামলায় আসামি ১৪৪ জন। তদন্তাধীন মামলাগুলোর মধ্যে ট্রাইব্যুনাল-১-এর অধীনে ৩৪টি এবং ট্রাইব্যুনাল-২-এর অধীনে ১০টি মামলা রয়েছে।
তদন্তাধীন মামলাগুলোর মধ্যে ১১টি গুমসংক্রান্ত, দুটি কথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের ঘটনা, একটি জঙ্গিবিরোধী অভিযানের নামে হত্যাকাণ্ড এবং ৩০টি চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগসংক্রান্ত।
বিচারাধীন মামলাগুলোর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলাও রয়েছে। এর মধ্যে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল এবং ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম, আটক ও নির্যাতনের অভিযোগসংক্রান্ত দুটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। এ ছাড়া শাপলা চত্বরের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ড এবং কল্যাণপুর, গাজীপুরের জয়দেবপুর ও টেকনাফের কথিত বন্দুকযুদ্ধের ঘটনাসংক্রান্ত মামলাও বিচারাধীন রয়েছে।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, গুমসংক্রান্ত মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। তদন্ত সংস্থা শিগগিরই ১১টি গুমসংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে দাখিল করবে বলে তিনি জানান।
এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ হওয়া আড়াই শতাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আরও একটি মামলা প্রস্তুত করা হচ্ছে। এসব অভিযোগের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার ঘটনাও রয়েছে বলে চিফ প্রসিকিউটর কার্যালয় সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানসংক্রান্ত মামলার কয়েকটি রায়ও হয়েছে। ১৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-২ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।