ব্রেকিং

বাংলাদেশে এবার ভরা মৌসুমেও ভারত থেকে আসছে ইলিশ

Sharmin Sultana Sharmin Sultana ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ PM BST ২৯ বার পঠিত
বাংলাদেশে এবার ভরা মৌসুমেও ভারত থেকে আসছে ইলিশ

collected

দুর্গাপূজার সময় বাংলাদেশের ইলিশের চাহিদা থাকে ভারতের পশ্চিমবঙ্গে। একসময় সরকারের বিশেষ উদ্যোগে পূজার আগে নির্দিষ্ট পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করা হলেও সেই চিত্র এখন বদলাচ্ছে। গত বছর থেকে নিয়মিত ভারত থেকে ইলিশ আমদানি শুরু হয়েছে বাংলাদেশে। এবার ইলিশের ভরা মৌসুমেও ভারতীয় ইলিশ আসছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত বছরের জুলাইয়ে প্রথমবার ভারত থেকে ইলিশ আমদানি শুরু হয়। ২০২৫ সালে ভারত থেকে বাংলাদেশে ইলিশ এসেছে ১৭ হাজার ৮৫০ কেজি। আর চলতি বছরের সাড়ে ৯ মাসে আমদানি হয়েছে ৪ লাখ ২৭ হাজার কেজি ইলিশ।

ভারত থেকে ইলিশ আমদানি তুলনামূলক নতুন হলেও মিয়ানমার থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে ইলিশ আমদানি হয়ে আসছে।

ব্যবসায়ীদের ভাষ্য, ভারত থেকে আমদানি করা ইলিশের বড় একটি অংশ আসে গুজরাটের ভারুচ অঞ্চল থেকে। আরব সাগরের সঙ্গে যুক্ত নর্মদা নদীর মোহনা এলাকায় এসব ইলিশ ধরা হয়। অনেক ক্ষেত্রে ডিমওয়ালা ইলিশ সংগ্রহ করে মাছ ও ডিম আলাদাভাবে বিক্রি করা হয় বলেও ব্যবসায়ীরা জানিয়েছেন।

তাঁদের মতে, এসব ইলিশ বাংলাদেশের ইলিশের তুলনায় আকারে ছোট এবং স্বাদেও তুলনামূলক কম। এ কারণে ভারতীয় ইলিশের দামও কম।

খুলনার খানজাহান আলী সড়কের বিশ্বাস ইন্টারন্যাশনাল এ বছর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৬ হাজার ২৩১ কেজি ইলিশ আমদানি করেছে। প্রতিষ্ঠানটির ঘোষিত আমদানি মূল্য ছিল প্রতি কেজি ৭৪ থেকে ২৪৭ টাকা। প্রতিষ্ঠানটির কর্ণধার দীপ্ত বিশ্বাস জানান, গুজরাট থেকে আসা ইলিশের মান অনুযায়ী আমদানি মূল্য নির্ধারিত হয়েছে। তাঁর দাবি, এই ইলিশ আমদানি করে প্রতিষ্ঠানটি লোকসানে পড়েছে এবং ভবিষ্যতে আর আমদানি করবেন না।

এর চেয়েও কম ঘোষিত মূল্যে ইলিশ আমদানির তথ্য রয়েছে। ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর রুপা এন্টারপ্রাইজ ৭ হাজার ৭২৩ কেজি ইলিশ আমদানি করেছে প্রতি কেজি ৫৭ টাকা ঘোষিত মূল্যে। এর সঙ্গে প্রতি কেজিতে প্রায় ২০০ টাকা শুল্ক-কর পরিশোধ করা হয়েছে।

বেনাপোলের মেসার্স সততা ফিশ ফিড এ বছর ২৪ হাজার ৭০০ কেজি ইলিশ আমদানি করেছে। প্রতিষ্ঠানটির ঘোষিত আমদানি মূল্য ছিল প্রতি কেজি ২৪৭ টাকা। প্রতিষ্ঠানটির কর্ণধার শহিদুর রহমান জানান, সব মিলিয়ে প্রতি কেজি ইলিশ আমদানিতে প্রায় ৫০০ টাকা খরচ হচ্ছে।

তিনি বলেন, আমদানি করা মাছগুলোর ওজন সাধারণত ৫০০ থেকে ৭০০ গ্রামের মধ্যে। এসব ইলিশ পাইকারিতে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তবে দেশের খুচরা বাজারে একই আকারের ইলিশ প্রায় দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: