collected
শুধু পদ পাওয়াই লক্ষ্য নয়, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রত্যেক সদস্য সরকারের অংশ বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় থাকায় দলের নেতাকর্মীরা এখন নির্বিঘ্নে কথা বলতে, চলাফেরা করতে ও নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন। মহিলা দলের নেত্রীদের উদ্দেশে তিনি বলেন, শুধু কোনো পদে থাকা নয়, সরকারের কার্যক্রম সফল করার ক্ষেত্রেও তাঁদের দায়িত্ব রয়েছে।
বক্তব্যে অতীতে মহিলা দলের নেত্রীদের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরেন রিজভী। তিনি বলেন, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদসহ সংগঠনের অনেক নেত্রী বিভিন্ন সময়ে গ্রেপ্তার, রিমান্ড ও কারাবরণের মুখোমুখি হয়েছেন। তাঁদের ওপর নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ত্যাগ ও সংগ্রামের সম্পর্ক রয়েছে। তাই দলের নেতাকর্মীদেরও সরকারের অংশ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ ও সামাজিক সুরক্ষার জন্য সরকার কী ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে, বিশেষ করে নারীদের জন্য নেওয়া উদ্যোগগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, সরকারের কর্মসূচিগুলো যাতে সফলভাবে বাস্তবায়িত হয়, সেদিকে দলের নেতাকর্মীদের নজর রাখতে হবে।
পরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের নেত্রীরা অংশ নেন।