collected
বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে তিনি এসব মাছের পোনা অবমুক্ত করেন।
কর্মসূচিতে রাষ্ট্রপতি ১৬০ কেজি রুই, ১২০ কেজি কাতলা, ৮০ কেজি মৃগেল ও ৪০ কেজি কালিবাউস মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বঙ্গভবন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্তকরণ শেষে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
পোশাক খাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যাতে সংশ্লিষ্ট সব পক্ষ সমানভাবে সুবিধা পায়। অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে সরকার অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে বলে জানান তিনি।
শিল্প ও বাণিজ্যকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর বিষয়েও গুরুত্ব দেন।
বিকল্প জ্বালানির ব্যবহারে গুরুত্ব
জ্বালানি সমস্যা মোকাবিলায় শিল্প মালিকদের সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। দেশের অর্থনীতিকে সচল রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশি নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি।
এ সময় তিনি দেশের সমস্যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে আলোচনার মাধ্যমে সমাধানের ওপরও গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিকেএমইএর প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।