ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইন্ডিয়ায় করলে নিজের খাবার কখন খাবেন?’

Sharmin Sultana Sharmin Sultana ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪০ PM BST ২৯ বার পঠিত
ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইন্ডিয়ায় করলে নিজের খাবার কখন খাবেন?’

collected

ভারতের প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘ব্রেকফাস্ট খাইতে ইন্ডিয়া, লাঞ্চ করতে ইন্ডিয়া, ডিনার করতে ইন্ডিয়া—তাহলে নিজের খাবার কখন খাবেন?’

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রোববার (১৩ সেপ্টেম্বর) তিনি এ মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, ভারতের বিষয়টি সবসময় মাথায় রেখে চললে হবে না। ভারত বাংলাদেশের একটি প্রতিবেশী দেশ এবং দেশটির সঙ্গে বাংলাদেশ ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক চায়। তবে একই সঙ্গে নিজেদের দেশের স্বার্থ ও অগ্রাধিকারের বিষয়েও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিকভাবে যার সঙ্গে যখন আলোচনা প্রয়োজন হবে, বাংলাদেশ অবশ্যই তা করবে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মতো বহুপাক্ষিক আয়োজনে প্রধানমন্ত্রীর পক্ষে সবার সঙ্গে সাইডলাইনে বৈঠক করা সম্ভব নয়। প্রধানমন্ত্রীর অনেক আমন্ত্রণ থাকবে এবং বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হবে।

এর আগে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুনভাবে সাজাতে চায়। গত ১৫ বছরের অস্বস্তিকর সম্পর্কের পরিস্থিতি থেকে বের হয়ে নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে চায় সরকার বলেও মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের বিষয়টি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই হওয়া উচিত, বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে নয়। তাঁর মতে, ভারতের সঙ্গে প্রথম আলোচনা সরাসরি দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে হওয়াই সবচেয়ে ভালো।

তবে বহুপাক্ষিক কোনো ফোরামে গিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করা হবে না—এমন কথা তিনি বলেননি বলে স্পষ্ট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো বহুপাক্ষিক অনুষ্ঠানে অংশ নিলে কারও সঙ্গে দেখা করা হবে না—এমন বক্তব্য কখনো দেওয়া হয়নি। তাঁর আগের বক্তব্যটি বিশেষভাবে ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গেই প্রযোজ্য ছিল।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: