collected
সরকারের কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করাসহ চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিব সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এ সভা হওয়ার কথা রয়েছে।
সচিব সভা সরকারের উচ্চপর্যায়ের একটি নীতিনির্ধারণী বৈঠক। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেন। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নীতি বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে এ সভায় আলোচনা করা হয়।
এবারের সভায় সরকারের কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিষয়টি আলোচনায় থাকবে। পাশাপাশি জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক বিষয়ে সচিবদের কাছ থেকে পাওয়া প্রস্তাবগুলো পর্যালোচনা করা হবে।
সভায় ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া সরকারের কার্যক্রম-সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক বিষয়ও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
সভায় আলোচ্যসূচির বাইরে বিবিধ বিষয়ও আলোচনায় আসতে পারে।