ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় রেড ক্রিসেন্টের সচেতনতামূলক র্যালি
বরগুনায় ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সন্মানিত সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীন। রেড ক্রিসেন্টের যুব সদস্যরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় র্যালি করেন। এ সময় তারা পথচারী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
র্যালিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, ডাবের খোসা, টায়ারসহ কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
এ সময় প্রধান অতিথি বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু ব্যক্তিগত বিষয় নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমেই এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
এই কর্মসূচিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুব সদস্যরা অংশগ্রহণ করেন।