collected
দেশে এলপিজির কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন।
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে। সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ ও বাজারদর পর্যালোচনায় আয়োজিত মতবিনিময় সভায় আমদানিকারক ও অপারেটররা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে দেশের বাজারে এলপিজির সংকট নেই বলে আশ্বস্ত করেছেন।
পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কোথাও কোথাও এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, অসৎ উদ্দেশ্যে কেউ যেন এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশ্ববাজারে পণ্যের দামে জল্পনামূলক প্রবণতার প্রভাবেও দাম বাড়তে পারে বলে উল্লেখ করেন তিনি। বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে বলেও জানান তথ্য উপদেষ্টা।
এ সময় তিনি সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন। তাঁর দাবি, আগের তুলনায় সহিংসতা অনেকটাই কমে এসেছে। সাইবার সুরক্ষা আইন তৈরি হলে অপতথ্য কমবে বলেও মন্তব্য করেন তিনি।