ছবি: সংগৃহীত
দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দেশে ফেরার পর একের পর এক নতুন নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন এই অভিনেতা।
সম্প্রতি মাশরিকুল আলম পরিচালিত একটি নাটকে অভিনয় করেছেন অপূর্ব। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা। নাটকটির গল্প ও নির্মাণ নিয়ে বেশ আশাবাদী অপূর্ব।
নাটকটির বিশেষ একটি অংশে অভিনয় করেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও সময়ের জনপ্রিয় লেখক কিংকর আহসান। তাদের অংশগ্রহণ নাটকটিতে আলাদা মাত্রা যোগ করবে বলে মনে করছেন অপূর্ব।
শুটিং শেষে নাটকটি নিয়ে অপূর্ব বলেন, এটি চমৎকার একটি গল্পের নাটক। এখানে কাজ করে তার ভালো লেগেছে। দর্শকরাও নাটকটি পছন্দ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে দেশে ফিরে টানা কাজের মধ্যেই রয়েছেন অপূর্ব। অভিনেতা জানান, বেশ কয়েকটি নাটকের শুটিং শেষ হয়েছে। সামনে আরও কিছু নতুন কাজ রয়েছে। ফলে আগামী দিনগুলোতেও তাকে নিয়মিত নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকতে দেখা যাবে।
অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ব্যস্ততা রয়েছে অপূর্বর। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো তার একটি একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেই আয়োজনের অভিজ্ঞতাকে দারুণ ও স্মরণীয় বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সেই অনুষ্ঠানের অভিজ্ঞতা জানাতে গিয়ে অপূর্ব বলেন, স্টেজে ওঠার পর দর্শকদের বিপুল উপস্থিতি দেখে তিনি অবাক হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত দর্শকরাও তার গানের সঙ্গে রীতিমতো মিশে গিয়েছিলেন বলে জানান এই অভিনেতা।
অনুষ্ঠান শেষে অনেকেই তাকে দোয়া ও শুভকামনা জানিয়েছেন এবং তার গানের প্রশংসা করেছেন। পুরো আয়োজনটি তার জন্য ‘সুইট অভিজ্ঞতা’ ছিল বলেও উল্লেখ করেন অপূর্ব।
দেশে বড় পরিসরে কনসার্ট করার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে অপূর্ব জানান, দেশে বড় পরিসরে গান করার ইচ্ছা রয়েছে তার। এ নিয়ে এরই মধ্যে চিন্তাভাবনা শুরু করেছেন। সবকিছু ঠিক থাকলে দ্রুতই সেই পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে।
অন্যদিকে সিনেমায় অভিনয় নিয়েও কথা বলেছেন অপূর্ব। তিনি জানান, সিনেমা নিয়ে বিভিন্ন সময় আলোচনা হলেও অনেক ক্ষেত্রেই সেগুলো শেষ পর্যন্ত ব্যাটে-বলে মেলে না। এবারও চলচ্চিত্রে অভিনয় নিয়ে আলোচনা চলছে।
তবে কোনো কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত সিনেমার বিষয়ে বিস্তারিত জানাতে চান না তিনি। অপূর্বর ভাষ্য, সবকিছু চূড়ান্ত হলে তবেই বিষয়টি জানাবেন। আর চলচ্চিত্রে কাজ করার ক্ষেত্রে গল্প, চরিত্র ও অন্যান্য বিষয় শতভাগ নিজের মনের মতো হলেই তিনি সিনেমায় অভিনয় করতে চান।