collected
সারা দেশে আরও ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী। বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে মোট ৬৪টি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংসদে বিরোধী দলের সদস্য মারদিয়া মমতাজের বিধি-৭১-এর আওতায় আনা জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে সমাজকল্যাণমন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে বর্তমানে ৪৪টি ডে-কেয়ার সেন্টার কার্যক্রম পরিচালনা করছে। দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে আরও ২০টি কেন্দ্র। সব মিলিয়ে ঢাকা ও ঢাকার বাইরে ৬৪টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে।
তিনি জানান, সারা দেশে আরও ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে বর্তমানে ১৫ দিন থেকে ৬ বছর বয়সী ৪ হাজার ৫০টি শিশুকে কর্মজীবী মায়েদের অফিস চলাকালীন সময়, সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাখার ব্যবস্থা রয়েছে।
কর্মজীবী মায়েদের সুবিধার জন্য শিশু দিবাযত্ন কেন্দ্রগুলোতে ব্রেস্টফিডিং সেন্টারও রাখা হচ্ছে। বর্তমানে ৫৩টি কেন্দ্রে এ সুবিধা রয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি আরও জানান, নতুন করে ১১টি ব্রেস্টফিডিং সেন্টার স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ ছাড়া আরও ১২টি কেন্দ্রেও শিগগির এ সুবিধা চালু করা হবে। এর মাধ্যমে মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টারেই ব্রেস্টফিডিংয়ের ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।