collected
ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম রুটে বর্তমানে চলাচলরত মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ট্রেনটি কক্সবাজার পর্যন্ত চলাচল শুরু করতে পারে।
বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল করলেও চট্টগ্রাম ছাড়া মাঝপথে অন্য কোনো স্টেশনে যাত্রাবিরতি নেই। ঢাকা-চট্টগ্রাম রেলপথের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দা ও প্রভাবশালী মহলের দীর্ঘদিনের চাপ রয়েছে। মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হলে এসব স্টেশনের যাত্রীরাও সরাসরি পর্যটন শহরটিতে যাওয়ার সুযোগ পাবেন।
গত ১ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পরিদর্শনে যান রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পরিদর্শনকালে তিনি জানিয়েছিলেন, যাত্রী চাহিদা বিবেচনায় ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
রেল প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে মোট চার জোড়া ট্রেন চলাচল করছে। যাত্রী চাহিদা বিবেচনায় এ সংখ্যা পাঁচ জোড়ায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত বিশ্বাস জানান, কক্সবাজার রুটে যাত্রীদের ব্যাপক চাহিদা রয়েছে। সেই চাহিদার কথা বিবেচনা করেই মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। অক্টোবরের প্রথম সপ্তাহে ট্রেনটি চালুর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
তিনি বলেন, নতুন এই সেবা চালু হলে যাত্রীরা আরও স্বস্তি ও নিরাপদে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন। পাশাপাশি রেলওয়ের আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দুই জোড়া বা চারটি বিরতিহীন আন্তনগর ট্রেন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দুই জোড়া বা চারটি আন্তনগর ট্রেন চলাচল করছে।