ছবি: সংগৃহীত
নব্বইয়ের দশকের ব্যান্ডসংগীতের স্মৃতি ফিরিয়ে আনতে ঢাকায় একই মঞ্চে উঠছেন নগর বাউলের জেমস ও আর্কের হাসান। দীর্ঘদিন পর দেশের রকসংগীতের জনপ্রিয় এই দুই শিল্পীকে একই আয়োজনে দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা। তাঁদের সঙ্গে কনসার্টে পরিবেশন করবে দেশের আরও কয়েকটি জনপ্রিয় ব্যান্ড।
আগামী শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন জানিয়েছে, অনুষ্ঠানে জেমসের নগর বাউল ও হাসানের আর্ক ছাড়াও গান পরিবেশন করবে ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য।
একই আয়োজনে দেশের রকসংগীতের পরিচিত কয়েকটি ব্যান্ডের পরিবেশনা থাকায় কনসার্টটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে জেমস ও হাসানকে একই মঞ্চে দেখার সুযোগকে নব্বইয়ের দশকের ব্যান্ডসংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে দেখছেন আয়োজকেরা।
কনসার্টে গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন। পাশাপাশি একক পরিবেশনাও করবেন তিনি। এ ছাড়া পারফর্ম করার কথা রয়েছে একে রাহুলেরও।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে। ইতোমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রিও। গত সোমবার (১২ অক্টোবর) টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে আগাম টিকিট বিক্রি শুরু হয়। কনসার্টের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।