collected
সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন নির্মূলে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালির আগে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নারীদের অধিকার নিশ্চিত করতে হলে তাঁদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে। জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, মহিলা দলের নেতারা রাষ্ট্র পরিচালনায় অযোগ্য নন। তাঁরাও রাষ্ট্র পরিচালনায় সমানভাবে দক্ষ এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন।
এ সময় সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী। নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’কে নারী ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি এটিকে যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেন।
রিজভী বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবাই সংসদ সদস্য বা মন্ত্রী হবেন না, তবে তাঁদের প্রতিনিধিরাই বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেবেন। তাই নারীদেরও নেতৃত্বের অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া অতীতে জাতীয়তাবাদী মহিলা দল যেভাবে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও একইভাবে তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।