collected
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে কলকাতার মাছ আমদানিকারকদের সংগঠন ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে পুনরায় ইলিশ রপ্তানির সুযোগ দেওয়ার আবেদন জানানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।
চিঠিতে সংগঠনটি জানায়, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে তারা বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছে। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকে তারা এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।
আমদানিকারকদের দাবি, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে সীমিত সময়ের জন্য ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও মাত্র এক মাসের এই সুযোগ ব্যবসায়িকভাবে কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে পারছে না।
চিঠিতে দুই বাংলার অভিন্ন সংস্কৃতি, ভাষা ও খাদ্য ঐতিহ্যের কথাও উল্লেখ করা হয়েছে। সংগঠনটির মতে, পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ও ত্রিপুরাতেও বাংলাদেশের পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইলিশ রপ্তানির ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এতে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং তারা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে বলেও চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে।