ব্রেকিং

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, বেসরকারি চাকরিজীবীরাও থাকবেন আওতায়

Sharmin Sultana Sharmin Sultana ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৯ PM BST ২৫ বার পঠিত
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, বেসরকারি চাকরিজীবীরাও থাকবেন আওতায়

collected

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি হলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন চাকরিজীবীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ২২ অক্টোবর ছুটি হলে এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের ছুটি হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ২২ অক্টোবরের ছুটির প্রজ্ঞাপন জারির আগে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। আসন্ন মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

প্রস্তাবিত ছুটিটি বেসরকারি খাতের জন্যও প্রযোজ্য হবে কি না—এ নিয়ে প্রশ্ন রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, এটি জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হলে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, বন্দর, টেলিযোগাযোগ, ইন্টারনেট, পরিচ্ছন্নতা ও অন্যান্য জরুরি সেবা সাধারণত ছুটির আওতার বাইরে থাকে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকে। চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হলে এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা স্পষ্ট হবে।

ছুটির ধরন অনুযায়ী সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির মধ্যে পার্থক্য রয়েছে। সাধারণ ছুটি সাধারণত সর্বজনীনভাবে প্রযোজ্য হলেও নির্বাহী আদেশে দেওয়া ছুটি নির্দিষ্ট শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য হতে পারে। তবে সাম্প্রতিক সময়ে নির্বাহী আদেশের ছুটির প্রজ্ঞাপনে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ও উল্লেখ করা হচ্ছে।

এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ধর্মীয় উৎসব অনুযায়ী ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রয়েছে। নিজ ধর্ম অনুযায়ী একজন কর্মচারী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিয়ে সাধারণ, নির্বাহী আদেশে সরকারি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করেও ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ রয়েছে।

মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তী প্রজ্ঞাপন জারি হলে ২২ অক্টোবরের ছুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। তখন দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: