এআই, ন্যানো ও সেমিকন্ডাক্টর গবেষণায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

Sharmin Sultana Sharmin Sultana ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫১ PM BST ২৪ বার পঠিত
এআই, ন্যানো ও সেমিকন্ডাক্টর গবেষণায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

collected

জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, এআই যাতে নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে ব্যবহার না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। তাঁর মতে, এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীলতা কমিয়ে দিতে পারে। তাই জনকল্যাণে পরিমিত ও দায়িত্বশীলভাবে এ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

রাষ্ট্রপতি আরও বলেন, উন্নত শিক্ষা ব্যবস্থা শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে তা আরও বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন। পাশাপাশি জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সাক্ষাৎকালে কুয়েটের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং কুয়েটের কয়েকজন অধ্যাপক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: