ব্রেকিং

একনেকে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প, সবচেয়ে বড় মেট্রোরেল-৫

Sharmin Sultana Sharmin Sultana ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ AM BST ৩০ বার পঠিত
একনেকে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প, সবচেয়ে বড় মেট্রোরেল-৫

collected

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভাকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত ১৬ প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭২ কোটি ৪৭ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) সাউদার্ন রুট’। এতে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ এবং প্রকল্প ঋণ ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত।

রেল খাতের দুটি প্রকল্পও একনেকের তালিকায় রয়েছে। এর মধ্যে বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণের প্রথম সংশোধিত প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৬৭ কোটি ৪২ লাখ টাকা। মূল প্রকল্পের ব্যয় ছিল ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা।

এ ছাড়া নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর প্রকল্পে ব্যয় হবে ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা।

স্বাস্থ্য খাতের ‘ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেইনস্ট টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩৯ কোটি ৬ লাখ টাকা। স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যয় হবে ৩৯৬ কোটি ৮১ লাখ টাকা।

সড়ক খাতের দুটি প্রকল্পে ব্যয় প্রস্তাব করা হয়েছে যথাক্রমে ৯৪৩ কোটি ৮৭ লাখ এবং ১ হাজার ৪৫৯ কোটি ৩৫ লাখ টাকা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় বরিশাল সেনানিবাস স্থাপনের দ্বিতীয় পর্যায়ের কাজে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ টাকা এবং খুলনা নৌ অঞ্চলে অবকাঠামো নির্মাণে ৩৭৪ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২-এ ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭৫১ কোটি ৭৭ লাখ ও ৬০৫ কোটি ২৪ লাখ টাকা।

খুলনা পয়ঃনিষ্কাশন, মনপুরার বিদ্যুৎ বিতরণ এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার তিনটি সংশোধিত প্রকল্পও প্রস্তাবিত তালিকায় রয়েছে।

তৈরি পোশাক ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়নে নেওয়া নতুন একটি প্রকল্পে ব্যয় হবে ৮৯ কোটি ২৫ লাখ টাকা। এ ছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৫টি প্রকল্পের বিষয়ে একনেক সভায় অবহিত করা হবে।

প্রস্তাবিত প্রকল্পগুলো অনুমোদন পেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে বিএনপি সরকারের সবচেয়ে বড় একনেক সভা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ১৩ মে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকা ব্যয়ের নয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: