ব্রেকিং

ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০

Pinky Saha Pinky Saha ৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:১২ PM BST চট্টগ্রাম জেলা ২১ বার পঠিত
ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০

ফেনীর সদর উপজেলার লালপোল এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে মো. আবদুল আলিম (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রোববার রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল আলিম চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকার আবদুল কাদেরের ছেলে। তাঁর পরিবার বারইয়ারহাট পৌরসভা এলাকায় বসবাস করে। তিনি সিলেট কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে চলার সময় সামনে থাকা একটি ট্রাক হঠাৎ ব্রেক কষে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। এ সময় বাসের ভেতর থেকে আবদুল আলিমের মরদেহ উদ্ধার করা হয়।

আহতদের মধ্যে পাঁচজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার পর উল্টে যাওয়া বাসের কারণে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুটি রেকার দিয়ে বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী রবিউল হক বলেন, বাসটির গতি বেশি ছিল। সামনে থাকা ট্রাকটি হঠাৎ ব্রেক করায় চালক বাসটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার এসআই কবির হোসেন জানান, বাসটি দুটি রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে সরিয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে দায়ী হিসেবে চিহ্নিত ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত আবদুল আলিমের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: