ব্রেকিং

ফেনীতে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফর, উদ্বোধন করবেন বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প

Sharmin Sultana Sharmin Sultana ১ অক্টোবর ২০২৬, ১২:১২ PM BST ৪৫ বার পঠিত
ফেনীতে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফর, উদ্বোধন করবেন বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প

collected

বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও একাধিক কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) এক দিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম ফেনী সফর। সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েও অংশ নেবেন।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত ১৬ জুন ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন করে। প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাশয় পুনঃখননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন ও ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ করার কথা রয়েছে।

এরপর প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন। সেখানে দুপুর দেড়টার দিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় গিয়ে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। সরকারি তথ্য অনুযায়ী, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনগুলোতে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

দিনের শেষ পর্বে বিকেল সাড়ে ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী প্রদান করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যেও ১ অক্টোবর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে।

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, ফুলগাজীতে ৫১০ জন ফ্যামিলি কার্ড এবং পুরো ফেনী জেলায় ৭ হাজার ৬৪৩ জন কৃষক কার্ড পাবেন। একই অনুষ্ঠানে ফুলগাজীর ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতকে সম্মানী দেওয়ার কথা রয়েছে। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ফেনীতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর সফরের আগে নির্ধারিত কর্মসূচিগুলো ঘিরে সংশ্লিষ্ট এলাকায় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর আগে সফরটি ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: