ব্রেকিং

গোড্ডার দ্বিতীয় ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশা

Sharmin Sultana Sharmin Sultana ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৩ PM BST ২৮ বার পঠিত
গোড্ডার দ্বিতীয় ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশা

collected

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি নির্ধারিত সময়ের আগেই চালু করা হয়েছে। বাংলাদেশ সময় রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টা ১৭ মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি সফলভাবে চালু হয়।

আদানি পাওয়ারের এক বার্তায় জানানো হয়েছে, সকাল সাড়ে ১১টার মধ্যে ইউনিটটির জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজেশন সম্পন্ন হওয়ার কথা। এটি সফলভাবে সম্পন্ন হলে দুপুরের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় বাড়বে বলে আশা করা হচ্ছে।

এর আগে ১১ সেপ্টেম্বর গভীর রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ইউনিটটির বয়লারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি বন্ধ করতে হয়। এতে কেন্দ্রটির উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহও হ্রাস পায়।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ইউনিটটি বন্ধ হওয়ার আগে গোড্ডা কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়েছিল। পরে সরবরাহ ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে। এর ফলে জ্বালানি সংকটে আগে থেকেই চাপের মধ্যে থাকা দেশের বিদ্যুৎ ব্যবস্থায় আরও চাপ তৈরি হয় এবং বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়ে যায়।

বিপিডিবির কর্মকর্তারা জানান, বয়লারের ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই মেরামতের কাজ শুরু করা হয়। প্রথমদিকে ইউনিটটি পুনরায় চালু করতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে দ্রুত মেরামত শেষ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ইউনিটটি উৎপাদনে ফেরানো সম্ভব হয়েছে।

এর আগে কয়লা পরিবহনে বিঘ্নের কারণে আগস্টের মাঝামাঝি সময় থেকে গোড্ডা কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছিল না। আদানি কর্তৃপক্ষ রেলপথে যানজট, কয়লা পরিবহনে বিভিন্ন বিধিনিষেধ এবং অতিবৃষ্টির কারণে কয়লা সরবরাহে বিঘ্নের কথা জানিয়েছিল।

গত মাসের শেষ দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে কেন্দ্রটির উৎপাদন ধীরে ধীরে বাড়তে থাকে। দিনের বেলায় উৎপাদন প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যায় তা প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াটে পৌঁছায়। পরে উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি হলেও বয়লারে ত্রুটির কারণে একটি ইউনিট বন্ধ হয়ে যায়।

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থায় অন্যতম বড় আমদানি উৎস। কেন্দ্রটির দুই ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট।

সংশ্লিষ্টরা আশা করছেন, বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি পুনরায় চালু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়বে এবং চলমান লোডশেডিংয়ের চাপ কিছুটা কমবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: