collected
দেশের গ্যাস পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জ্বালানি সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। বুধবার (৯ সেপ্টেম্বর) জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জ্বালানি সংকট কোনো একটি দেশের একক সমস্যা নয়। এটি আন্তর্জাতিক পর্যায়ের সংকট হওয়ায় কোনো রাষ্ট্রের পক্ষেই এককভাবে এর সমাধান করা সম্ভব নয়। তবে ক্রমান্বয়ে বাংলাদেশের গ্যাস পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির এই নেতা বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার দেশ পরিচালনা করছে। চলমান সংকট মোকাবিলায় সরকার বিপুল পরিমাণ গ্যাস আমদানি করছে। একই সঙ্গে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন পণ্যের দাম বাড়লেও সরকারের কঠোর পদক্ষেপের কারণে আগস্টে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও দাবি করেন রিজভী। তিনি আরও বলেন, গোটা জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিতে তারেক রহমান কাজ করছেন। বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে তারেক রহমানের নেওয়া উদ্যোগকে ‘যুগান্তকারী’ বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।