collected
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান।
এ সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। ২০২৪ সালের ৮ অক্টোবর তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর আইন পেশার পথচলা
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী ব্রিটেন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এরপর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
পরবর্তী সময়ে ২০০৭ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
একই সময়ে নিয়োগ পাওয়া কয়েকজন অতিরিক্ত বিচারপতিকে ২০২৫ সালের নভেম্বরে স্থায়ী করা হলেও দেবাশীষ রায় চৌধুরী তখন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাননি।
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে।