ছবি: সংগৃহীত
ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিচ্ছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ভার্চুয়াল অভিনেত্রী টিলি নরউড। সাক্ষাৎকারের একপর্যায়ে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে হঠাৎ ইংরেজির বদলে চীনা ভাষার মান্দারিনে কথা বলা শুরু করেন তিনি। আকস্মিক এই ভাষা পরিবর্তনে বিস্মিত হন ব্রিটিশ সম্প্রচারক পিয়ার্স মরগান ও স্কটিশ মঞ্চ অভিনেতা টম কন্টি।
ঘটনাটি ঘটে টিলির আসন্ন সিনেমা ‘মিসঅ্যালাইন্ড’ নিয়ে আলোচনার সময়। সাক্ষাৎকারে টম কন্টি জানতে চান, সিনেমায় তার সঙ্গে অভিনয় করা অন্য চরিত্রগুলো বাস্তব অভিনেতাদের মাধ্যমে তৈরি, নাকি সেগুলোও কম্পিউটার-নির্মিত।
প্রথমে প্রশ্নটি পুরোপুরি বুঝতে পারেননি টিলি। জবাবে তিনি বলেন, ‘এটি একটি আকর্ষণীয় বিষয়, টম। আমার সিনেমা ‘মিসঅ্যালাইন্ড’ একটি হাইব্রিড প্রযোজনা। অর্থাৎ বাস্তব পরিচালক, চিত্রনাট্যকার ও সম্পাদকরা এখনও এতে সক্রিয়ভাবে যুক্ত। বিষয়টি কাউকে সরিয়ে দেওয়ার নয়, বরং গল্প বলার নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা।’
তবে টিলির উত্তর শুনে সন্তুষ্ট না হয়ে কন্টি প্রশ্নটি আরও স্পষ্ট করে জানতে চান। তিনি জানতে চান, সিনেমায় তার সঙ্গে পর্দায় যেসব অভিনেতাকে দেখা যাবে, তারা কি বাস্তব অভিনেতা, নাকি কম্পিউটার-নির্মিত চরিত্র।
এবার প্রশ্নটি বুঝতে পেরে টিলি বলেন, ‘আচ্ছা, আপনি ‘মিসঅ্যালাইন্ড’-এর অন্য অভিনেতাদের কথা বলছেন। তারা সবাই আমার মতোই ডিজিটাল টুইন।’
এরপর সিনেমাটি কীভাবে তৈরি হয়েছে, তা ব্যাখ্যা করার সময় হঠাৎ করেই ইংরেজির পরিবর্তে মান্দারিন ভাষায় কথা বলতে শুরু করেন টিলি। আকস্মিক এই ভাষা পরিবর্তনে পিয়ার্স মরগান ও টম কন্টি দুজনকেই বিভ্রান্ত হতে দেখা যায়।
এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ভার্চুয়াল অভিনয়শিল্পীদের নিয়ে সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রাঙ্গনে আলোচনা বাড়ছে। টিলি নরউডও এমন একটি চরিত্র, যাকে বাস্তব অভিনেত্রীর পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নির্মাণ করা হয়েছে। ‘মিসঅ্যালাইন্ড’ সিনেমায় এই প্রযুক্তিনির্ভর অভিনয় ও নির্মাণপদ্ধতির ব্যবহার নিয়েই মূলত আলোচনা হচ্ছে।
সাক্ষাৎকারে টিলির হঠাৎ ভাষা পরিবর্তনের ঘটনাটি প্রযুক্তিনির্ভর ভার্চুয়াল চরিত্রের স্বাভাবিক আচরণ ও সীমাবদ্ধতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।