collected
আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় নির্বাচন, উপনির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পাবলিক পরীক্ষা বাদ দিয়ে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের বিষয়টি কমিশন বিবেচনা করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হচ্ছে না। পরীক্ষা শেষে জানুয়ারিতে নির্বাচন শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, কমিশন এর আগে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল। পরে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। পাশাপাশি বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম পিছিয়ে যাওয়ার বিষয়ও রয়েছে।
এ ছাড়া নির্বাচন আয়োজনের সময় নির্ধারণে রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সরকারের চাপের অভিযোগ নাকচ
নির্বাচনের সময় পেছানোর ক্ষেত্রে সরকারের কোনো চাপ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন তারিখ পেছায়নি।
তার ভাষ্য, বাস্তবতা, আইন ও সংবিধানের বিষয়গুলো বিবেচনা করেই কমিশন নির্বাচনের সময় নির্ধারণ করছে।
ইসি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ভোটের প্রায় ৪০ থেকে ৪৫ দিন আগে ঘোষণা করা হতে পারে। তবে কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন কোন ধাপে এবং ঠিক কোন তারিখে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।