ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ২৮৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা তিনটার দিকে এ অভিযান শুরু হয়। আটক ব্যক্তিদের মধ্যে জাসদ নেতা-কর্মীরা থাকলে যাচাই-বাছাই শেষে তাঁদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার সাকিবুল আলম ভূঁইয়া জানিয়েছেন, জাসদ কার্যালয় থেকে মোট ২৮৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে যাঁরা জাসদের নেতা-কর্মী, তাঁদের ছেড়ে দেওয়া হবে। অন্যদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা জাসদ কার্যালয়ে জড়ো হয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কথাও পুলিশ জানিয়েছে। এর পর সেখানে থাকা ব্যক্তিদের আটক করে থানায় নেওয়া হয়।
তবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের জড়ো হওয়ার কথা অস্বীকার করেছে জাসদ। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, কার্যালয়ে কেন্দ্রীয় প্রতিনিধি সভার আয়োজনটি ছিল পূর্বনির্ধারিত। ডিএমপি কমিশনার, মতিঝিল জোনের ডিসি ও পল্টন থানার ওসিকে অবগত করেই সভার আয়োজন করা হয়েছিল বলে দাবি করেছে দলটি।
জাসদের বিবৃতিতে আরও বলা হয়েছে, সভায় প্রায় ৫০০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ৩০ জন নারী ছিলেন। দলটির দাবি, যুবদলের নেতা-কর্মীরা সেখানে এসে মব সৃষ্টি ও নেতা-কর্মীদের ওপর শারীরিক হামলা করেন। পরে পুলিশ কার্যালয় ঘেরাও করে উপস্থিত ব্যক্তিদের আটক করে বিভিন্ন থানায় নিয়ে যায়। জাসদের সভাকে আওয়ামী লীগের সভা হিসেবে প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, আটক ব্যক্তিদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যও রয়েছেন। তাঁর দাবি, সূর্য জাসদ সমর্থক হিসেবে প্রতিনিধি সভায় অংশ নিতে কার্যালয়ে গিয়েছিলেন।