ব্রেকিং

জাতীয় বেতন স্কেল-২০২৬: মাঠপর্যায়ের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাউশি

Sharmin Sultana Sharmin Sultana ১ অক্টোবর ২০২৬, ২:১৫ PM BST ৩৭ বার পঠিত
জাতীয় বেতন স্কেল-২০২৬: মাঠপর্যায়ের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাউশি

collected

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন নির্ধারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অধীন সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত ছকে এসব তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিতে অধীন মাঠপর্যায়ের কার্যালয় ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

মাউশির চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর করার পাশাপাশি এ কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর Organogram sub-module-এর ডাটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য এন্ট্রির কাজ চলছে। এ তথ্যের মধ্যে কর্মীদের পদ বা পদবি, মূল গ্রেড এবং পদসংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে।

সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার লক্ষ্যে iBAS++-এর Pay Fixation-sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য মাউশি অধিদপ্তর এবং এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য Organogram sub-module-এ এন্ট্রি করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মাউশির অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পরে সৃষ্ট পদগুলো Organogram sub-module-এ অন্তর্ভুক্ত করতে হবে। এসব পদ অন্তর্ভুক্তির ক্ষেত্রে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার (পূর্বের ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখা) পৃষ্ঠাঙ্কনকৃত সরকারি আদেশ (জিও) সংযুক্ত করে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে হবে।

নির্ধারিত ছকে তথ্য পাঠানোর ক্ষেত্রে কয়েকটি বিষয় উল্লেখ করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ক্রমিক নম্বর, পদের নাম বাংলা ও ইংরেজিতে, পদের মূল গ্রেড (Substantive Grade), পদসংখ্যা এবং প্রয়োজনীয় মন্তব্য। সংশ্লিষ্ট অফিস ও প্রতিষ্ঠানকে এসব তথ্য যথাযথভাবে পূরণ করে পাঠাতে হবে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, তথ্যের হার্ড কপি উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা বরাবর পাঠাতে হবে। চিঠিতে হার্ড কপি পাঠানোর জন্য রুম নম্বর-৫৩০ উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে সফট কপি Nikosh ফন্টে প্রস্তুত করা Word Document হিসেবে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। মাউশির পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট সব অফিস ও প্রতিষ্ঠানকে নির্দেশনা অনুসরণের কথা জানানো হয়েছে।

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতির অংশ হিসেবে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। Organogram sub-module-এ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের তথ্য হালনাগাদ হলে পরবর্তী সময়ে Pay Fixation-sub-system-এর মাধ্যমে বেতন নির্ধারণের কার্যক্রম পরিচালনা সহজ হবে বলে সংশ্লিষ্ট নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: