collected
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকার তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীরের যুক্তরাষ্ট্র সফর ও সরকারের বিভিন্ন নীতিগত অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, নিউইয়র্ক সফরে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হবে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকেও অংশ নেওয়া হবে। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ঢাকা ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায়। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে তিনি বলেন, এ ধরনের জটিলতার সমাধান কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর দাবি, ওই পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা তাঁর ছিল না এবং নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ছিল। একই সঙ্গে ডব্লিউএইচওর পরবর্তী নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে বাংলাদেশ সমর্থন করবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্র সফরে রোহিঙ্গা সংকট নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান হুমায়ুন কবির। এ বিষয়ে একটি বিশেষ সাইডলাইন বৈঠকের আয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা সংকট বড় গুরুত্ব পাবে।
এ ছাড়া বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়েও আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, অবৈধভাবে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়ার প্রক্রিয়া চলছে।