collected
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালিসিস মেশিন স্থাপন করা হবে। এর মাধ্যমে কিডনি রোগীদের জন্য জেলা ও মেডিক্যাল কলেজ পর্যায়ে ডায়ালিসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে আগস্টেও তিনি জেলা সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজ পর্যায়ে একই ধরনের ডায়ালিসিস সুবিধা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, আগের সরকারের সময়ে চিকিৎসা খাতের উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। তার দাবি, সে সময়ে আনা কিছু চিকিৎসা সরঞ্জামও ব্যবহার উপযোগী ছিল না এবং সরকারি অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত হয়নি।
তিনি জানান, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট দিয়েছে। একই সঙ্গে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে ১৫১-এ উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো গেলে রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কমানো সম্ভব হবে।
সেমিনারে হৃদরোগের ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞরা বলেন, অনেক মানুষ বুকের ব্যথাকে গ্যাসের সমস্যা মনে করে অবহেলা করেন। তবে যেকোনো ধরনের বুকের ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাকজাত পণ্য এড়িয়ে চলা, অতিরিক্ত লবণ ও প্রসেসড ফুড কমানো এবং নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।