ব্রেকিং

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে জেএসডি-রাষ্ট্র সংস্কার আন্দোলন, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

Sharmin Sultana Sharmin Sultana ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ PM BST ৬৮ বার পঠিত
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে জেএসডি-রাষ্ট্র সংস্কার আন্দোলন, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

collected

রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা। রোববার (২৭ সেপ্টেম্বর) পরিদর্শন শেষে তাঁরা রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক দখল ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম অভিযোগ করেন, রাজধানীতে দখল ও হামলার ঘটনায় প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের মতো একটি প্রতিষ্ঠান, যেখানে স্বল্প আয়ের মা ও শিশুরা চিকিৎসা ও টিকাদান সেবা নিতেন, সেটি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়।

হাসনাত কাইয়ূম আরও বলেন, রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনাসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনা রাজধানীতে দখলদারির প্রবণতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেন, জমি নিয়ে বিরোধ থাকলে তার সমাধান আদালতের মাধ্যমে হওয়া উচিত। তাঁর অভিযোগ, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মুখোশধারী একটি বড় দল সেখানে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে এবং স্বাস্থ্যকেন্দ্রের মালামাল লুট করে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন ভেঙে ফেলা হয়।

ঘটনার পর স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মো. হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। পরবর্তী সময়ে এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের তথ্যও জানায় পুলিশ।

এদিকে, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকা এবং দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগের মধ্যে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে জেএসডি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রসহ সাম্প্রতিক হামলা ও দখলের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে পুলিশের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রের ক্ষয়ক্ষতি পূরণ এবং দ্রুত স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় সহায়তার দাবি জানান তাঁরা।

পরিদর্শনে জেএসডির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক কামরুল আহসান ও প্রচার সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন কবিরাজ লিটন, পরিবেশবিষয়ক সম্পাদক ইবনুল সাঈদ, প্রান্তিক জনগোষ্ঠীবিষয়ক সম্পাদক শেখ নাসিরউদ্দিন, দপ্তর সম্পাদক ছামিউল আলম এবং রাষ্ট্র সংস্কার সাংস্কৃতিক আন্দোলনের আহ্বায়ক আবুল হোসেনও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: