জ্বালানি নিরাপত্তায় বিকল্প ও বহুমুখী উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

Sharmin Sultana Sharmin Sultana ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৩ PM BST ১৩ বার পঠিত
জ্বালানি নিরাপত্তায় বিকল্প ও বহুমুখী উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

collected

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিকল্প ও বহুমুখী জ্বালানি উৎসের সন্ধান করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

শামা ওবায়েদ বলেন, একটি নির্দিষ্ট জ্বালানি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যুদ্ধ বা বৈশ্বিক সংকটের সময়ে দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করতে পারে। এ কারণে জ্বালানি খাতে বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি উৎস নিয়ে কাজ করছে সরকার। পাশাপাশি সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, এলএনজির নতুন উৎস এবং ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভবনকে শতভাগ সৌরবিদ্যুতের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর ও স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে চীন ও জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে এলএনজি আমদানির ক্ষেত্রে একাধিক উৎস নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, যাতে কোনো একটি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি না হয়।

অনুষ্ঠানে অর্থনৈতিক কূটনীতিকে বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। বিনিয়োগকারীদের হয়রানি কমাতে ‘ওয়ান স্টপ সার্ভিস’-এর আদলে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল সেবার পরিধিও বাড়ানো হচ্ছে।

বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি তুলে ধরার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্বপরিসরে বাংলাদেশকে শুধু বন্যা, অবৈধ অভিবাসন কিংবা বিভিন্ন সংকটের দেশ হিসেবে তুলে ধরতে চায় না সরকার। এর পরিবর্তে দেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সম্ভাবনা, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতির ইতিবাচক দিকগুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সম্ভাবনাগুলো তুলে ধরতে অর্থনৈতিক কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: