লোডশেডিংয়ে দেশজুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত, ভোগান্তিতে কোটি গ্রাহক

Sharmin Sultana Sharmin Sultana ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৮ PM BST ১৪ বার পঠিত
লোডশেডিংয়ে দেশজুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত, ভোগান্তিতে কোটি গ্রাহক

collected

দেশজুড়ে লোডশেডিংয়ের কারণে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কোটি গ্রাহক। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে নেটওয়ার্ক সচল রাখার চেষ্টা করলেও সাধারণ ব্যবহারকারীদের কাছে এমন ব্যবস্থা না থাকায় ব্যক্তিপর্যায়ে সমস্যার মাত্রা আরও বেড়েছে।

ইন্টারনেট ব্যবসায়ীদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানিয়েছে, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে অধিকাংশ সেবাদাতা প্রতিষ্ঠান ইউপিএস, সৌরবিদ্যুৎ ও জেনারেটরের মতো বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহার করছে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও তাদের মূল নেটওয়ার্ক সচল রাখার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

তবে সাধারণ গ্রাহকদের বাসা বা ব্যক্তিগত ব্যবহারের রাউটার ও অন্যান্য যন্ত্রপাতিতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ চলে গেলে ইন্টারনেট ব্যবহার বন্ধ হয়ে যাচ্ছে বা ব্যাহত হচ্ছে। এ কারণে অনলাইনভিত্তিক কাজ, শিক্ষা, যোগাযোগ ও বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়ছেন।

আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, এখন পর্যন্ত সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়ার চেষ্টা করছে। তবে বিদ্যুৎ সংকট আরও বড় আকার ধারণ করলে নেটওয়ার্ক সচল রাখতে অতিরিক্ত ব্যবস্থা নিতে হবে।

তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি লোডশেডিং হলে জেনারেটরের জন্য জ্বালানির পরিমাণ বাড়ানোসহ বিভিন্ন প্রযুক্তিগত পরিবর্তনের প্রয়োজন হতে পারে। তবে ব্যবহারকারীর বাসা বা ব্যক্তিগত পর্যায়ে যে সংকট তৈরি হবে, তা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর পক্ষে সমাধান করা সম্ভব নয়।

এদিকে মোবাইল ফোন ব্যবহারকারীদের সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট কোনো বিলাসী সেবা নয়; বরং মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষা, ব্যবসা ও যোগাযোগের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।

নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের টাওয়ারগুলোতে ব্যাটারি ব্যাকআপের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। একই সঙ্গে টাওয়ারগুলোর বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে কি না, তা নিয়মিত তদারকির জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানান।

লোডশেডিং দীর্ঘস্থায়ী হলে শুধু সাধারণ গ্রাহক নয়, অনলাইন ব্যবসা, ফ্রিল্যান্সিং, দূরবর্তী কর্মসংস্থান এবং বিভিন্ন ডিজিটাল সেবার ওপরও প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: