ব্রেকিং

মানব পাচার ঠেকাতে একাধিক আইন সংশোধন করা হয়েছে: আইনমন্ত্রী

Sharmin Sultana Sharmin Sultana ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৭ PM BST ৩২ বার পঠিত
মানব পাচার ঠেকাতে একাধিক আইন সংশোধন করা হয়েছে: আইনমন্ত্রী

collected

মানব পাচার প্রতিরোধ এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোরদার করতে দেশে একাধিক আইন সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) আয়োজিত জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মানব পাচারের সংজ্ঞাকে আরও বাস্তবসম্মত ও বিস্তৃত করা হয়েছে, যাতে পাচারের বিভিন্ন ধরন আইনের আওতায় আনা যায়। ২০২৬ সালের মানব পাচার আইনে এ-সংক্রান্ত প্রয়োজনীয় বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, ১৮৮৭ সালের জুয়া আইনও সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে অনলাইন জুয়াসহ পাচার ও সংশ্লিষ্ট অবৈধ কর্মকাণ্ড মোকাবিলায় আইনি কাঠামো আরও বিস্তৃত করা হয়েছে। মানব পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে আরও কিছু আইন প্রণয়ন ও সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, মানব পাচার একটি গুরুতর ও অমানবিক অপরাধ। সংঘবদ্ধ অপরাধী চক্র মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে এ অপরাধের মাধ্যমে অর্থ উপার্জন করছে। এই পরিস্থিতির পরিবর্তনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ মানব পাচারবিষয়ক প্রোটোকল অনুসমর্থন করে। এরপর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

তবে মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল, অভিযোগকারীদের সহযোগিতা এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।

মানব পাচার প্রতিরোধে আইনগত কাঠামোর পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করা হয় জাতীয় পরামর্শ সভায়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: