collected
মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, সেগুলোই সড়কে চলাচল করতে পারবে।
আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। এ বিষয়ে আদালতকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন বিধানের কথা জানানো হয়।
আইনজীবী বলেন, সড়ক পরিবহন আইনের ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য ও নির্ধারিত স্পেসিফিকেশনের বিষয়টি উল্লেখ রয়েছে। কোনো যানবাহন নির্ধারিত কারিগরি স্পেসিফিকেশন লঙ্ঘন করলে তা আইনের ৮৪ ধারার অধীনে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা।
তিনি আরও বলেন, একই আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলাচল করতে পারবে না বলে উল্লেখ রয়েছে।
আদালতের সিদ্ধান্তের বিষয়ে আইনজীবী রাফিউল ইসলাম বলেন, বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই রাস্তায় চলতে পারবে। স্লিপার বাস চালানোর অনুমতি বিআরটিএ দেয়নি এবং হাইকোর্টও এ ধরনের বাস চলাচলের অনুমতি দেননি।