ছবি: সংগৃহীত
তামিল পরিচালক পা রঞ্জিতের নতুন সিনেমা ‘ভেটুভাম’-এ একেবারেই ভিন্ন রূপে হাজির হচ্ছেন দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালা। অ্যাকশন ও সায়েন্স-ফিকশন ঘরানার এই সিনেমায় প্রথমবারের মতো তাকে মার্শাল আর্ট করতে দেখা যাবে।
সম্প্রতি এনডিটিভির ‘যুব ২০২৬’ অনুষ্ঠানে নিজের এই নতুন অভিজ্ঞতার কথা জানিয়েছেন শোভিতা। সিনেমাটির জন্য মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে গিয়ে অভিজ্ঞতাটি এতটাই উপভোগ করেছেন যে, আপাতত নাচের চেয়েও মার্শাল আর্ট তার কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।
শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত শোভিতার কাছে নাচ বরাবরই গুরুত্বপূর্ণ। তবে ‘ভেটুভাম’-এর প্রস্তুতির সময় মার্শাল আর্টের অনুশীলন তার শরীর ও মনের ওপর ভিন্ন ধরনের প্রভাব ফেলেছে বলে জানান অভিনেত্রী।
শোভিতার ভাষ্য, মার্শাল আর্টের প্রশিক্ষণ শুধু তার শরীরকে শক্তিশালী করেনি, মনকেও অনেকটা হালকা ও সতেজ করেছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে চাপ ও মানসিক উত্তেজনা থেকে মুক্তি পাওয়ার অভিজ্ঞতাও হয়েছে তার।
এই প্রশিক্ষণের মাধ্যমে নিজের শরীর ও মন সম্পর্কে নতুন ধরনের সচেতনতা তৈরি হয়েছে বলেও জানান তিনি। তার মতে, ভারতে কালারিপায়াত্তুর মতো দারুণ সব ঐতিহ্যবাহী মার্শাল আর্ট রয়েছে, যেগুলো সবারই একবার চেষ্টা করে দেখা উচিত।
শোভিতাকে যখন প্রশ্ন করা হয়, নাচ ও মার্শাল আর্ট—এই দুটির মধ্যে যদি একটিকে বেছে নিতে হয়, তাহলে তিনি কোনটি বেছে নেবেন, তখন তার উত্তর ছিল কিছুটা চমকপ্রদ।
অভিনেত্রী জানান, এমন উত্তর দেবেন বলে নিজেও আগে ভাবেননি। তবে মার্শাল আর্টের অনুশীলনের মাধ্যমে যে ধরনের চাপমুক্তি পেয়েছেন, সেটি তাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। তাই আপাতত নাচের চেয়ে মার্শাল আর্টকেই বেশি উপভোগ করছেন তিনি।
এ প্রসঙ্গে মজার ছলে শোভিতা বলেন, ‘ছেলেরা একাই কেন সব মজা নেবে?’ পরে তিনি আরও বলেন, ছেলেরা যদি অ্যাকশন করতে পারে, তাহলে মেয়েরাই বা পিছিয়ে থাকবে কেন।
শৈশব থেকেই নাচের সঙ্গে যুক্ত শোভিতার এমন মন্তব্য মূলত অ্যাকশনধর্মী চরিত্র ও মার্শাল আর্টের প্রতি তার নতুন আগ্রহেরই প্রকাশ। ‘ভেটুভাম’-এর প্রস্তুতির অভিজ্ঞতা যে তার জন্য অভিনয়ের বাইরেও নতুন এক শারীরিক অনুশীলনের দরজা খুলে দিয়েছে, তার কথাতেই সেটি স্পষ্ট।
‘ভেটুভাম’ ছবির গল্প গড়ে উঠেছে তিনটি ভিন্ন সময়কে ঘিরে। সায়েন্স-ফিকশনের সঙ্গে অ্যাকশনের মিশেলে তৈরি এই সিনেমায় শোভিতার সঙ্গে অভিনয় করছেন ভি আর দিনেশ ও আর্য।
ছবিটির জন্যই প্রথমবার মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন শোভিতা। অ্যাকশন দৃশ্যগুলোকে আরও বাস্তবসম্মত করে তুলতে জনপ্রিয় স্টান্ট পরিচালক দিলীপ সুব্বরায়ণ কাজ করছেন।
‘ভেটুভাম’-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জি ভি প্রকাশ কুমার। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে পা রঞ্জিত পরিচালিত সিনেমাটি।