collected
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাইম হাওলাদার (১৭) হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতে দেওয়া আবেদনে বলা হয়, যাত্রাবাড়ী এলাকায় বাসার ছাদে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী তারেক চৌকিদার। এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায়ও আ স ম ফিরোজের যোগসাজশের অভিযোগ রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আ স ম ফিরোজ বর্তমানে যাত্রাবাড়ী থানার অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। নাইম হত্যা মামলার রহস্য উদঘাটন, অন্য আসামিদের গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা প্রয়োজন।
আবেদনের শুনানি শেষে আদালত আ স ম ফিরোজকে নাইম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে ২০২৪ সালের ২৩ আগস্ট রাজধানীর বনানী এলাকা থেকে আ স ম ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।