collected
জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না হওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আইনজীবী ইসরাত জাহান অমি এ বিষয়ে রিট আবেদন করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের সরকারি হাসপাতাল অথবা স্বীকৃত পরীক্ষাগারে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার জন্য নির্বাচনি আইন ও বিধিমালা সংশোধনের নির্দেশনা চাওয়া হয়েছে।
একই সঙ্গে ডোপ টেস্টে পজিটিভ হওয়া অথবা পরীক্ষা দিতে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বিধান করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা নিয়েও আদালত জানতে চেয়েছেন।
রিটকারীর আইনজীবীর বক্তব্য অনুযায়ী, বিদ্যমান নির্বাচনি আইন ও বিধিমালায় প্রার্থীদের মাদক পরীক্ষার বিষয়ে নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই। অন্যদিকে সরকারি চাকরিতে নিয়োগ এবং পুলিশ সদস্যদের ক্ষেত্রে ডোপ টেস্টের বিধান রয়েছে বলেও তিনি আদালতে উল্লেখ করেন।
তবে হাইকোর্টের এই রুলের মাধ্যমে এখনই নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক হয়নি। সংশ্লিষ্ট বিবাদীদের জবাব এবং পরবর্তী আদালতের আদেশের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে।