collected
এক সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে পারে—এমন প্রত্যাশার প্রায় দুই সপ্তাহ পার হলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। এমনকি নতুন বেতন কাঠামোর খসড়াও আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়নি বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, খসড়াটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে রয়েছে। অর্থ বিভাগ প্রজ্ঞাপন জারির প্রস্তুতি নিচ্ছে এবং শিগগিরই খসড়াটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব রয়েছে। এর মধ্যে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, টিফিন ও মোবাইল ভাতা বাড়ানোর কথা রয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন ভাতা চালুর প্রস্তাব করা হয়েছে।
সম্প্রতি মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মূল বেতন ও নিট পেনশনের পরিবর্তন চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়নের কথা রয়েছে। বিভিন্ন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
বাড়িভাড়া ভাতা বাড়ছে
নতুন কাঠামোয় ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ভাতা মূল বেতনের সর্বোচ্চ ৬০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় গ্রেডভেদে সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।
বয়স অনুযায়ী চিকিৎসাভাতা
বয়সের সঙ্গে চিকিৎসাভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাব রয়েছে। ৫০ বছর পর্যন্ত ৩ হাজার টাকা, ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার, ৬০ বছরের বেশি থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সে ৬ হাজার টাকা চিকিৎসাভাতা দেওয়ার কথা রয়েছে।
নিম্ন গ্রেডে বেশি বেতন বৃদ্ধি
নতুন কাঠামোয় নিম্ন গ্রেডের কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার প্রস্তাব করা হয়েছে। গ্রেড-৬ ও তার নিচের গ্রেডে ৫ শতাংশ, গ্রেড-৪ ও ৩-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২ দশমিক ৭৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির হার নির্ধারণের কথা রয়েছে।
সব গ্রেডে মোবাইল ভাতা
নতুন কাঠামোয় সব গ্রেডের কর্মচারীদের মোবাইল ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে। গ্রেড-৫ ও তার ঊর্ধ্বে ৫০০ টাকা এবং গ্রেড-৬ ও নিচের গ্রেডে ১৫০ টাকা মোবাইল ভাতা নির্ধারণ করা হয়েছে।
যাতায়াত ও অন্যান্য ভাতা বাড়ছে
বর্তমানে ৩০০ টাকা যাতায়াত ভাতা থাকলেও নতুন কাঠামোয় তা বাড়িয়ে ৬০০ টাকা করার প্রস্তাব রয়েছে। টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ টাকা থেকে ৩০০ টাকা করার কথা বলা হয়েছে।
প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন ভাতা
বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন করে ৩ হাজার টাকা ভাতা চালুর প্রস্তাব রয়েছে। সর্বোচ্চ দুই সন্তান এ সুবিধার আওতায় আসবেন।
কমছে বাংলা নববর্ষের ভাতা
নতুন বেতন কাঠামোয় বাংলা নববর্ষ ভাতা কিছুটা কমানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ হারে দেওয়া এ ভাতা কমিয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।
ঝুঁকি ও বিশেষ ভাতায় পরিবর্তন
প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা মূল বেতনের ১০ শতাংশ হারে নির্ধারণের পাশাপাশি ঝুঁকি ও বিশেষ ভাতা ক্ষেত্রবিশেষে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, আপ্যায়ন ভাতা ও উৎসব ভাতা আগের হারেই বহাল রাখার কথা রয়েছে।
পাহাড়ি ও দুর্গম এলাকার ভাতা
পাহাড়ি এলাকার সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা রাখার প্রস্তাব রয়েছে। পার্বত্য জেলা সদর ও সদর উপজেলায় এর সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা এবং অন্যান্য পাহাড়ি এলাকায় সর্বোচ্চ ৫ হাজার ২০০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
হাওর, দ্বীপ ও চর এলাকায় মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা আগের মতো বহাল থাকবে। তবে এর সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা নির্ধারণের কথা রয়েছে।
পেনশন ও গ্র্যাচুইটিতে পরিবর্তন
‘এক গ্রেড এক পেনশন’ পদ্ধতি বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নিট পেনশনের নতুন সীমা নির্ধারণের কথা বলা হয়েছে। নতুন কাঠামোয় সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা হওয়ার প্রস্তাব রয়েছে।
সামরিক বাহিনীর ভাতাতেও পরিবর্তন
সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন ভাতায়ও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। প্রতিরক্ষা ভাতা, কিট ভাতা, ডেঞ্জার মানি, দোভাষী ভাতা ও শিক্ষকতা ভাতাসহ বেশির ভাগ ভাতার ক্ষেত্রে বিদ্যমান পরিমাণের ওপর ১০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি হলে এসব পরিবর্তনের বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হবে। বর্তমানে প্রজ্ঞাপনের খসড়া অর্থ মন্ত্রণালয়ে রয়েছে এবং পরবর্তী ধাপে তা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানোর কথা রয়েছে।